শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান

প্রান্তডেস্ক:মধ্যপ্রাচ্যে বিরাজমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছেন, শত্রুপক্ষ যদি নতুন করে কোনো হঠকারী পদক্ষেপ নেয়, তবে তাদের রণক্ষেত্রে চরম মূল্য দিতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ফারস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর মুখপাত্রের মতে, তেহরান মনে করে না যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাদের সংঘাতের সম্ভাবনা শেষ হয়ে গেছে। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমরা যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত হচ্ছে।’ ইরান যে কোনো সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এমন এক সময়ে এই হুঁশিয়ারি এলো যখন জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলনে একটি বড় পদে ইরান নির্বাচিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের তীব্র বাকযুদ্ধ চলছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সামরিক বাহিনীর এই কঠোর অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

