ট্রাম্পের মন্তব্যকে অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ বলে অভিহিত করেছে ভারত
প্রান্তডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পডকাস্টারের একটি অবমাননাকর পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে ভারতকে একটি ‘নরককুণ্ড’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে, পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছে, ‘এই মন্তব্যগুলো নিশ্চয়ই ভারত-মার্কিন সম্পর্কের বাস্তবতাকে প্রতিফলিত করে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, আমরা মন্তব্যগুলো দেখেছি, এবং এর জবাবে মার্কিন দূতাবাসের জারি করা বিবৃতিটিও দেখেছি। মন্তব্যগুলো স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলো অবশ্যই ভারত-মার্কিন সম্পর্কের বাস্তবতাকে প্রতিফলিত করে না, যা দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছ।
ট্রাম্প পডকাস্টারের একটি কথিত চার পৃষ্ঠার প্রতিলিপি শেয়ার করেন, যেখানে ভারতীয়দের সম্পর্কে অবমাননাকর মন্তব্য ছিল। পরে, পরিস্থিতি সামাল দেওয়ার একটি পদক্ষেপ হিসেবে, মার্কিন দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে যেখানে বলা হয় যে, ট্রাম্প বিশ্বাস করেন ভারত একটি ‘মহান’ দেশ, যার নেতৃত্বে রয়েছেন শীর্ষে আমার এক ভালো বন্ধু’।
উল্লেখ্য, রেডিও শো উপস্থাপক মাইকেল স্যাভেজের মন্তব্য, যেখানে ভারত, চীন এবং আরও কিছু দেশকে ‘নরক-কুন্ড’ হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা ট্রাম্প সামাজিক মাধ্যমে পুনরায় পোস্ট করার ফলে সৃষ্ট বিতর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমের জিজ্ঞাসার জবাবে মার্কিন দূতাবাসের বিবৃতিটি আসে।

