লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

প্রান্তডেস্ক:লন্ডন পুলিশ নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে শনিবার দুই শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।
রাজধানীর ট্রাফালগার স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের করতালি ও উল্লাসের মাঝখান থেকে পুলিশ এই কর্মীদের গ্রেপ্তার করে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিক্ষোভকারীরা ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে প্ল্যাকার্ড বহন করায় তারা গ্রেপ্তারের মুখে পড়েন।
গত বছরের জুলাইয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। সংগঠনটির সদস্য হওয়া বা সমর্থন করা ফৌজদারি অপরাধ। এর শাস্তি সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ড।
এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে লন্ডন হাইকোর্টে আবেদন করা হলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে আদালত ‘এতে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে’ উল্লেখ করে এই নিষেধাজ্ঞা বাতিল করে রায় দেন।
সরকার অবশ্য এ রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে। হাইকোর্টের রায়ের পর লন্ডনের মেট্রোপলিটন পুলিশ কিছুদিনের জন্য গ্রেপ্তার কার্যক্রম স্থগিত রাখে। পরে মার্চের শেষ দিকে আবার তা শুরু করার ঘোষণা দেয়।

