যুদ্ধবিরতিতে লেবাননকে চায় যুক্তরাজ্য, ইসরায়েলকে সতর্কবার্তা চীনের
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। ছবি: সংগৃহীত
এএফপি::লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য। দেশটির দাবি মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতিতে লেবাননকেও যুক্ত করা হোক। অপরদিকে ইসরায়েলের হামলা নিয়ে চীন বলেছে, বৈরুতের সার্বভৌমত্ব লঙ্ঘন করা উচিত নয়।
বুধবার রাতে লেবাননে এযাবৎকালের সবচেয়ে বড় হামলা করেছে ইসরায়েল। এতে কয়েক’শ মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘লেবাননের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা অবশ্যই রক্ষা করতে হবে। সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’
গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েল জানায় তারা এতে লেবাননের অন্তর্ভুক্তি মানবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, লেবাননে হামলা অব্যাহত থাকবে। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেছেন, ইরানিরা ভেবেছিল এই যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু বাস্তবে তা নয়।
কুপার বলেন, ‘গতকাল লেবাননে ইসরায়েলের যে ক্রমবর্ধমান হামলা দেখেছি, তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। লেবাননে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আমরা জোরালোভাবে চাই যেন যুদ্ধবিরতি লেবাননেও কার্যকর হয়।’
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি জোরদার করার লক্ষ্যে আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উপসাগরীয় দেশগুলো সফর করছেন। বৃহস্পতিবার তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন।

