খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
-69d607ae8d76c.jpg)
ফাইল ছবি
প্রান্তডেস্ক:খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা।
ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুই সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠনের অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। লাশ উদ্ধারের পর তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়।

