বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রাতরাশ বৈঠক
প্রান্তডেস্ক:পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন। রোববার (২৪ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইসহাক দার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন। পরে হবে প্রতিনিধি পর্যায়ের বৈঠক। দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে তার গুলশানের বাসায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকায় আসেন ইসহাক দার। বেলা দুইটার দিকে পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম। ঢাকায় পাকিস্তান হাইকমিশনে বিকেল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেন তিনি।

