আল-জাজিরার প্রতিবেদন: ইসরায়েলের গাজা পুরোপুরি দখলে বাধা দেবেন না ট্রাম্প

প্রান্তডেস্ক:ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখল করতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বাধা না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
মঙ্গলবার সাংবাদিকরা জানতে চান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন কি না— এমন খবর নিয়ে তার কী মত। জবাবে ট্রাম্প বলেন, তিনি এখন গাজার মানুষের ‘খাবারের ব্যবস্থা’ নিয়ে বেশি মনোযোগী।
ট্রাম্প বলেন, ‘বাকিটা নিয়ে আমি কিছু বলতে পারি না। এটা মূলত ইসরায়েলের বিষয়।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় নজিরবিহীন ও নৃশংস তাণ্ডব শুরু করার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে প্রতি বছর দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা আরো বাড়িয়েছে।
ইসরায়েল গাজার অধিকাংশ অংশকে সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে এনে সীমিত কিছু জায়গায় গাদাগাদি করে রেখেছে। ফলে এ উপত্যকার প্রায় ৮৬ শতাংশই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। সূত্র : আল-জাজিরা

