প্রাথমিকের সহকারী শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ জানুয়ারি ২০২৫ থেকে ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃউপজেলা/থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্তসমূহ প্রতিপালনপূর্বক চলমান থাকবে।
ক. শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
খ. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারি করা সর্বশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন। গ. ২৬ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ। ঘ. ৩০ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ; ঙ. ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ হবে।
উল্লেখ্য, আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই মর্মে পত্রে অবহিত করা যায়।
উল্লিখিত সময়সূচি ও শর্তসাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আন্তঃউপজেলা/থানা (একই উপজেলা/থানা) অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


