৩ দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে ঢাবি ছাত্রীদের অবস্থান
সোমবার দুপুর একটার দিকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন
প্রান্তডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে আসন সংকট নিরসনে তিনশ ছাত্রীকে অন্য হলে স্থানান্তরসহ তিন দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন হলের ছাত্রীরা। আজ সোমবার দুপুর একটার দিকে তারা অবস্থান শুরু করেন। এ প্রতিবেদন লেখা সময় (বিকেল সাড়ে তিনটা) অবস্থান কর্মসূচি চলছে।
অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, মৈত্রী হল ছোট হলেও প্রতিবছর অধিক ছাত্রী এখানে অ্যালোটমেন্ট দেওয়া হয়। ফলে ছাত্রীদের অন্যান্য হলে ছয়মাসের মধ্যে বৈধ আসন পেলেও মৈত্রী হলে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রীরা চতুর্থ বর্ষে উঠেও আসন পাচ্ছে না। এর পাশাপাশি ২০২০-২১, ২১-২২, ২২-২৩ শিক্ষাবর্ষের সবার আসন অনিশ্চিত অবস্থায় আছে।
তাদের দাবিগুলো হচ্ছে, মৈত্রী হল থেকে অন্তত ৩০০ শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তর করা, হলের আসন সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থী অ্যালোট দেওয়া, মূলভবনের প্রতি রুমে ছয় শিক্ষার্থীর বেশি বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না করা।
এর আগে রোববার তারা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে দাবি নিয়ে স্মারকলিপি দেন। এরপরে সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা উপাচার্য ‘অসহযোগিতাপূর্ণ’ আচরণ করেছেন বলে অভিযোগ করেন এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করেন।

