মাধবপুরে বিজিবির ওপর হামলা
প্রান্তডেস্ক:হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় মাদক উদ্ধার অভিযানের সময় বিজিবির ওপর হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় আত্মরক্ষায় এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।
শনিবার (৬ মে) মধ্য রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ধর্মঘর বিওপির হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় ৩৫-৪০ জন মাদক কারবারি দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির ওপর হামলা চালায়। আত্মরক্ষায় বিজিবি এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মাদক কারবারিদের ধাওয়া করে। বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে মাদক কারবারিরা ৪০ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ আরমান আরিফ সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

