দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে জরিমানা
প্রান্তডেস্ক:ফ্রান্স সফর শেষে দেশে ফেরার পর ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)। একইসঙ্গে ৫০ হাজার রুপি জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি এ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
আম আদমি পার্টির পাঞ্জাব শাখার মিডিয়া ইনচার্জ বলতেজ পান্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান ও হেনস্তা করা হয়েছে।
আপ মুখপাত্রের অভিযোগ, আদালতের উপযুক্ত প্রোটোকল দেওয়ার নির্দেশনা সত্ত্বেও প্যারিসে নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেল মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাননি। দেশে ফেরার পরও ট্রাভেল ব্যাগের তদারকির অজুহাতে তাকে তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয় এবং গাড়ি চড়ে যাওয়ার মুহূর্তে ওপর মহলের চাপে ৫০ হাজার রুপির চালান ধরা দেওয়া হয়।
এদিকে এ ঘটনার তীব্র সমালোচনা করে কেন্দ্রীয় সরকারের ‘ঔদ্ধত্য’ নিয়ে প্রশ্ন তোলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ।
অপরদিকে, দিল্লি বিমানবন্দর কাস্টমস বিভাগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মুখ্যমন্ত্রী ও তার সঙ্গীদের লাগেজে ঘোষণা না করা কিছু জিনিসপত্র থাকায় নিয়ম অনুযায়ী ৫০ হাজার রুপির কাস্টমস ডিউটি বা শুল্ক আরোপ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে বিরোধী শিরোমণি আকালি দলের (এসএডি) সাধারণ সম্পাদক বিক্রম সিং মজিথিয়া দাবি করেন, নির্ধারিত সীমার চেয়ে অতিরিক্ত লাগেজ বা অর্থ বহনের সুনির্দিষ্ট অভিযোগে মুখ্যমন্ত্রী ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পদমর্যাদার কথা বিবেচনা করে তাকে ছাড় দেওয়া হলেও আইন ভঙ্গের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।


