জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে সমর্থন জানাল রাশিয়া
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের দেওয়া ভাষণ সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এনডিটিভির।
লাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। স্থায়ী সদস্যপদের জন্য ব্রাজিল ও ভারতের প্রার্থিতাকে রাশিয়া সমর্থন করে।
নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন স্থায়ী আসন দেওয়ার বিরোধিতা করে লাভরভ বিশেষভাবে জার্মানি ও জাপানের নাম উল্লেখ করেন। তার দাবি, দেশ দুটি সামরিকীকরণ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে। তবে নিরাপত্তা পরিষদের সংস্কারের ক্ষেত্রে বর্তমান পাঁচ স্থায়ী সদস্যের অধিকার ও ক্ষমতা যাতে খর্ব না হয়, সে বিষয়েও সতর্ক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার পাশাপাশি মরিশাসও নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি সমর্থন জানিয়েছে। সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের প্রার্থিতার প্রতি স্পষ্ট সমর্থন জানান।
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি দেশ। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০টি দেশ দুই বছরের মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।
নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের জন্য জাতিসংঘ সনদ সংশোধন করতে হয়। এ ক্ষেত্রে সাধারণ পরিষদে দুই-তৃতীয়াংশ ভোট এবং সদস্যরাষ্ট্রগুলোর দুই-তৃতীয়াংশের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন। একই সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রত্যেকের অনুমোদনও বাধ্যতামূলক।
ভারতের স্থায়ী সদস্যপদের বিষয়ে রাশিয়া প্রকাশ্যে সমর্থন জানালেও নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে আলোচনা এখনও অচলাবস্থায় রয়েছে। এ বিষয়ে অন্যান্য স্থায়ী সদস্যরাষ্ট্রের অবস্থানও এক নয়। বিশেষ করে রাশিয়ার ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য করার বিষয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে।

