ইরানের শর্ত মানতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম

প্রান্তডেস্ক:হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছে তেহরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক যোগাযোগের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই অবস্থান স্পষ্ট করেছে ইরান।
জাতিসংঘের বৈঠকের সময় ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট শর্তসমূহ পৌঁছে দেওয়া হয়। ইরানি কর্মকর্তাদের মতে, এসব শর্ত বাস্তবায়িত হলে প্রণালিটি চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করতে তেহরান প্রস্তুত রয়েছে।
এর আগে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সামরিক চাপ হ্রাস করে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ প্রত্যাহার করলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। একই সঙ্গে সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে প্রথমে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সদিচ্ছা প্রকাশের আহ্বান জানানো হয়।
হরমুজ প্রণালি চালুর বিষয়ে ইরানের পেশ করা প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে—মার্কিন নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদ মুক্তকরণ এবং ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ সংশ্লিষ্ট অঞ্চলে চলমান যুদ্ধাবসানের নিশ্চয়তা।
গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয়, ওই বৈঠকে জ্যারেড কুশনারও যুক্ত ছিলেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে নতুন কোনো দাবি না তুলে পূর্বনির্ধারিত শর্তগুলোই পুনরায় তুলে ধরা হয়েছে।
বিশ্বের অন্যতম শীর্ষ কৌশলগত ও জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় আন্তর্জাতিক প্রবৃদ্ধি, সমুদ্র বাণিজ্য এবং জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোতে ইতোমধ্যে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে।
বাংলাদেশের অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার স্বার্থেও পরিস্থিতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে আয়োজিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছে কার্গো ও কনটেইনার জাহাজের নিরাপদ চলাচলের বিষয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন এবং ইরানের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ মধ্যপ্রাচ্য সংকটের দ্রুত কূটনৈতিক ও শান্তিপূর্ণ নিরসন জোর দাবি জানিয়েছে। পাশাপাশি নিজস্ব নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রেখে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতায় গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

