ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩৮ অপরাহ্ণ | সংবাদটি ২৩ বার পঠিত

প্রান্তডেস্ক:ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দুই নেতার এই বৈঠকে ভারত ও ভিয়েতনামের সম্পর্ক আরো জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ভিয়েতনাম ব্রিকসের ১০টি অংশীদার দেশের একটি। ভারতের সভাপতিত্বে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল স্লোগান হলো ‘স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়নের জন্য নির্মাণ’। উন্নয়ন, টেকসই ব্যবস্থা ও নতুন প্রযুক্তিকে এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিভিন্ন আন্তর্জাতিক ও বহুপক্ষীয় মঞ্চেও ভারত ও ভিয়েতনাম ঘনিষ্ঠভাবে কাজ করছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভয়েস অব ভিয়েতনাম জানিয়েছে, ভারত ও ভিয়েতনামের সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর করার সুযোগ হিসেবে ব্রিকস সম্মেলনকে দেখছে হ্যানয়। একই সঙ্গে ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো বাড়াতে চায় দেশটি।
ব্রিকস সম্মেলনে ভিয়েতনামের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার দেশের অবস্থান ও প্রস্তাব তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত মে মাসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম রাষ্ট্রীয় সফরে ভারত আসেন।

