সিলেটে একজনের প্রাণহানি; হাসপাতালে শতাধিক
প্রান্তডেস্ক:সিলেটে হামের পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৩ সেপ্টেম্বরের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মৃত শিশুর বাড়ি সিলেট নগরের টুকেরবাজার এলাকায়।
এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৪৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৭ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব বলছে, নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক রোগীর সংখ্যা এবং হাসপাতালে ভর্তি রোগীর চাপ এখনও অনেক বেশি। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ, আক্রান্তদের যথাযথ চিকিৎসা এবং শিশুদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।


