সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু,হাসপাতালে বাড়ছে চাপ

প্রান্তডেস্ক:সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে হাসপাতালে বেড়েছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা, সঙ্গে যোগ হয়েছে আরও দুই মৃত্যুর খবর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন আরও ২ জন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন দুইজন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃত্যুবরণকারীদের একজন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশু, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
মৃত্যুর হিসাবও ক্রমেই ভারী হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে বিভাগে এ পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ৪০০-এর কাছাকাছি। ফলে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপরও বাড়ছে চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

