নতুন যে দায়িত্ব পেলেন মুক্তাদির-আরিফ ও গউছ

প্রান্তডেস্ক:দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নতুন দায়িত্ব দিয়েছে সরকার। এই ধারাবাহিকতায় সিলেট বিভাগের চার জেলায়ও দায়িত্ব পেয়েছেন দুই মন্ত্রী ও হুইপসহ তিনজন। এর মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে হবিগঞ্জ, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার এবং মো. জি কে গউছকে সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার দায়িত্ব বণ্টনের এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পাশাপাশি মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে কার্যকর পদক্ষেপে পরামর্শ দেওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে তা লুটপাট করা হয়েছে। লুট করা অর্থের একটি অংশ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

