রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে: আইনমন্ত্রী
ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এ সমস্যার স্থায়ী সমাধানে মিয়ানমার সরকারকেই মূল দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় দেশটিকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রোববার (২৩ আগস্ট) রাজধানীতে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের নিজস্ব সমস্যা হলেও বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছে। মানবিক ও নৈতিক দায়বদ্ধতা থেকেই বাংলাদেশ বিপন্ন এই মানুষদের পাশে দাঁড়িয়েছে।’
দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। রোহিঙ্গা ইস্যু মোকাবিলা করতে গিয়ে যেন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন না হয়, সেদিকে সরকার সর্বোচ্চ সতর্ক নজর রাখছে।
রোহিঙ্গাদের পরিচয় স্পষ্ট করে মো. আসাদুজ্জামান বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নন কিংবা এ দেশের স্থানীয় জনগোষ্ঠীও নন। তবে মানুষ হিসেবে তাদের ন্যূনতম অধিকার রক্ষা করা বিশ্ববাসীর দায়িত্ব। সরকার রোহিঙ্গা ইস্যুতে যে সব পদক্ষেপ নিচ্ছে, তাতে জনগণের পূর্ণ সমর্থন রয়েছে।’
পরিশেষে আইনমন্ত্রী জোর দিয়ে বলেন, কেবল নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমেই এই দীর্ঘমেয়াদি সংকটের অবসান সম্ভব। আর এর জন্য মিয়ানমার কর্তৃপক্ষকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


