বিশ্বনাথে মশাল মিছিল: নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রান্তডেস্ক:সিলেটের বিশ্বনাথে মশাল মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল সিংহ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে মামলাটি (নং-১৬) দায়ের করেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন—বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম রুকন, সহসভাপতি শামীম আহমদ, কয়েছ আহমদ, তাহের আহমদ সামি ও জুমন মিয়া; সাধারণ সম্পাদক জাকির হোসেন মামুন; যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আলী, রেজাউল ইসলাম রেজা, সমরান আহমদ ও ইমাদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক জুবেদ আহমদ আসলাম, নয়ন মিয়া, শেখ সালমান আহমেদ, সাব্বির আহমদ ও আব্দুল হাকিম; দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম অনি; প্রচার সম্পাদক পারভেজ মিয়া ও মামুন মিয়া; এবং দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী পিংকু মল্লিক ও মাহবুবুর রহমান।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতেই বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন মিয়াকে (২২) গ্রেপ্তার করে। তিনি পৌর শহরের উত্তর মশুলা (জানাইয়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। গ্রেপ্তারের পর তাকে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের শেখপাড়া এলাকার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সামনে (লামাকাজী-বিশ্বনাথ সড়ক) মশাল মিছিল বের করা হয়। ১৭ আগস্ট সেই মিছিলের ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা সরকারি কাজে বাধা প্রদান, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম চালানের উদ্দেশ্যে এ কর্মকাণ্ডে জড়ান।
বিশ্বনাথ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

