সাবেক মার্কিন কংগ্রেসওম্যান:: ইরানে পরমাণু হামলা নিয়ে আলোচনা চলমান
-6a829f5be6588.jpg)
ছবি: এআই
প্রান্তডেস্ক:ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের বিষয়ে ওয়াশিংটনে আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসওম্যান মার্জরি টেলর গ্রিন। তবে এই দাবির সপক্ষে সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ মেলেনি, আবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এমন দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গ্রিন এ কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাশিয়া টুডে (আরটি)।
মার্জরি টেলর গ্রিন বলেন, ‘ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি কৌশলগত বৈঠকে আলোচনা করা হচ্ছে।’ কারা এ আলোচনা করছেন, সে বিষয়ে অবশ্য কোনো তথ্য দেননি তিনি।
তার ভাষ্য মতে, ‘এ ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি ‘পারমাণবিক বিপর্যয়ের’ দিকে ঠেলে দিতে পারে এবং ইরান যুদ্ধকে আরও বড় সংঘাতে পরিণত করতে পারে।’
তবে হোয়াইট হাউস এখন পর্যন্ত ওয়াশিংটনে এমন কোনো আলোচনা চলছে বলে প্রকাশ্যে নিশ্চিত করেনি।
ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির দীর্ঘদিনের সমালোচক গ্রিন। একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এই সাবেক কংগ্রেসওম্যান বর্তমানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রকাশ্য সমালোচনা করছেন।
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে—এমন অভিযোগকে অভিযানের অন্যতম কারণ হিসেবে দেখানো হলেও, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছিল, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালাচ্ছে—এমন নির্ভরযোগ্য প্রমাণ তাদের হাতে নেই।
এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরান। একপর্যায়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করে তেহরান।
এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনো দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ এবং মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসছে।
একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, ভবিষ্যতে আবার হামলা হলে তারা ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের পথে যেতে পারে। তবে তেহরানের ভাষ্য অনুযায়ী, এই মুহূর্তে পারমাণবিক বোমা তৈরির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

