সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ | সংবাদটি ৩ বার পঠিত

ফাইল ছবি-সংগৃহীত
প্রান্তডেস্ক:ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি রাজ্য গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে।
সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য অভিযোগটি দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, গত ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলীর পরিবারকে উদ্দেশ করে বেনামে ইংরেজিতে বেশ কয়েকটি আপত্তিকর চিঠি পাঠানো হচ্ছিল।
শুরুতে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। তবে সোমবার পাওয়া সর্বশেষ চিঠিতে সরাসরি সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির চিঠিতে উল্লেখ থাকা একটি ফোন নম্বর ‘ট্রু কলার’-এ অনুসন্ধান করে জনৈক অরুণ কুমারের নাম পাওয়া গেছে। তবে ওই ব্যক্তিই হুমকির চিঠি পাঠিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে ২০১৭ সালেও সৌরভ গাঙ্গুলীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় নির্মাল্য মাইতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।

