পশ্চিম তীরে এক মাসে সাংবাদিকদের ওপর ১০৮ হামলা ইসরাইলের

সাংবাদিকদের ওপর বসতিস্থাপনকারীদের ১১টি হামলার ঘটনা পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:অধিকৃত পশ্চিম তীরে গত জুলাই মাসে ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ওপর ১০৮টি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী ও বসতিস্থাপনকারীরা। ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এসব ঘটনা নথিভুক্ত করেছে। খবর আল জাজিরার
রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে ইউনিয়নের ফ্রিডমস কমিটি জানায়, এসব ঘটনার মধ্যে ছিল সাংবাদিকদের আটক, মারধর, জিজ্ঞাসাবাদ, সংবাদ সংগ্রহে বাধা এবং ক্যামেরা ও অন্যান্য সংবাদ সরঞ্জাম জব্দ বা নষ্ট করা।
কমিটি বলেছে, এসব ঘটনার জন্য ঘটনাস্থল থেকে ইসরাইলি সামরিক অভিযান ও বসতিস্থাপনকারীদের সহিংসতার খবর সংগ্রহ করা সাংবাদিকদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে।
সবচেয়ে বেশি ঘটেছে স্বল্প সময়ের জন্য আটক ও সংবাদ সংগ্রহে বিধিনিষেধ। এ ধরনের ৫৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে।
এ ছাড়া সাংবাদিকদের ওপর বসতিস্থাপনকারীদের ১১টি হামলার ঘটনা পাওয়া গেছে। এসব হামলার মধ্যে ছিল মারধর, ধাক্কা দেওয়া ও হুমকি। অধিকাংশ ঘটনা ঘটে সাংবাদিকেরা পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বসতিস্থাপনকারীদের হামলা ও ইসরাইলি সামরিক অভিযানের খবর সংগ্রহ করার সময়।

