ট্রাম্পের সফরের আগে গলফ কোর্সের কাছে অস্ত্রধারী গ্রেপ্তার

প্রান্তডেস্ক:ক্যালিফোর্নিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে দেখা যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ। সেখানে ট্রাম্পের রিপাবলিকান দলের তহবিল সংগ্রহের একটি নৈশভোজ হওয়ার কথা ছিল।
তল্লাশিতে কর্মকর্তারা তার কাছে ১৬ রাউন্ড গুলি রাখা একটি ম্যাগাজিন পান। এতে ফাঁপা মাথার গুলি ছিল। গলফ কোর্সে পার্ক করা তার গাড়িতে একটি ভর্তি পিস্তল পাওয়া যায়। সেখানে ফাঁপা মাথার গুলি ভর্তি আরেকটি ম্যাগাজিনও ছিল। ফাঁপা মাথার গুলি লক্ষ্যবস্তুতে আঘাত করার পর চ্যাপ্টা হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের সর্বোচ্চ ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন সবচেয়ে কঠোর যেসব অঙ্গরাজ্যে রয়েছে, ক্যালিফোর্নিয়া তাদের একটি। সেখানে ১০টির বেশি গুলি রাখা যায় এমন ম্যাগাজিন নিষিদ্ধ। সোমবার লস অ্যাঞ্জেলেস এলাকার আরেকটি শহর ডাউনিতে থাকা সন্দেহভাজনের বাড়িতে অভিযান চালানো হয়। এতে এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদ দমন টাস্ক ফোর্স এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বড় অপরাধ দপ্তরের সদস্যরা অংশ নেন।
বিবৃতিতে বলা হয়, ‘তবে এই ঘটনা দেখিয়ে দেয় যে সতর্ক থাকা কতটা জরুরি। স্থানীয়, অঙ্গরাজ্য ও ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শক্তিশালী সমন্বয়ও খুব গুরুত্বপূর্ণ। সন্দেহজনক কার্যকলাপ বড় আকার ধারণ করার আগেই তা শনাক্ত ও তদন্তে যে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, এই ঘটনায় তার গুরুত্বও স্পষ্ট হয়েছে।’ প্রেসিডেন্টের ক্যালিফোর্নিয়া সফরের বিরল এক সময়ে এই গ্রেপ্তারের ঘটনা ঘটে। হোয়াইট হাউসের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে যাকে ব্যাপকভাবে মনে করা হয়, সেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করে ট্রাম্পের একটি বক্তব্য দেওয়ার কথা ছিল। বুধবার ট্রাম্প একটি ক্যাসিনোতে বক্তব্য দিতে লাস ভেগাসে যাবেন।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারণা জোরদার হচ্ছে। ওই নির্বাচনে কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য নির্ধারিত হবে। এই সফরগুলো সেই সময়েই হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্প তিনটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন। সর্বশেষ ঘটনায় হোয়াইট হাউসের একটি নৈশভোজ চলাকালে ওয়াশিংটনের একটি হোটেলে এক বন্দুকধারী ঢুকে পড়ে। এরপর ট্রাম্পের নিরাপত্তা দল জানায়, প্রেসিডেন্টকে সুরক্ষা দেওয়ার নিয়মকানুন তারা পর্যালোচনা করবে। কর্মকর্তারা বলেননি, র্যাঞ্চো পালোস ভার্দেসের এই সন্দেহভাজন ট্রাম্পের ক্ষতি করতে চেয়েছিলেন কি না। এ ধরনের অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনো ফৌজদারি মামলাও তার বিরুদ্ধে করা হয়নি।

