পে স্কেল ২ বছর পেছানোর পরামর্শ আইএমএফের, যা জানা গেল

প্রান্তডেস্ক:দীর্ঘদিন ধরে নবম পে স্কেল নিয়ে আলোচনা চলছে। পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অর্থ বিভাগ জানায়, নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি শেষ পর্যায়ে, যা চলতি বা আগামী সপ্তাহের বৈঠকে অনুমোদনের জন্য উঠতে পারে।
২০১৫ সালে কার্যকর হওয়া অষ্টম পে স্কেলের পর এক দশকেরও বেশি সময় মূল বেতন কাঠামোয় বড় পরিবর্তন হয়নি। এর মধ্যে মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ায় সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, নতুন পে স্কেল কার্যকর হলে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাবৃদ্ধিসহ প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও কয়েক লাখ পেনশনভোগী এর আওতায় আসবেন।
বর্তমানে বাংলাদেশ আইএমএফের ৫.৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির অধীনে রয়েছে এবং আরো ৬.৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ নিয়ে আলোচনা চলছে। এমন অবস্থায়, রাজস্ব সক্ষমতা, বাজেট ঘাটতি ও অর্থনৈতিক ঝুঁকি বিবেচনা না করে বড় ধরনের পুনরাবৃত্তি ব্যয় (পুনরাবৃত্তিমূলক ব্যয়) না বাড়াতে সরকারকে সতর্ক পরামর্শ দিয়েছে আইএমএফ।

