ভারতে আন্দোলন:সরকারের সঙ্গে বৈঠকে বসছে সিজেপি, দাবি পরিবর্তন হয়নি

তবে বৈঠকের আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও সোনম ওয়াংচুক অনশন ভাঙলেও শিক্ষার্থীদের মূল দাবিতে কোনো পরিবর্তন হয়নি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়েই তারা আলোচনায় বসবেন।
বৃহস্পতিবার সংগঠনের আরেক মুখপাত্র আশুতোষ রাঙ্কা ভারতজুড়ে শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন। এর বেশ কয়েক ঘণ্টা পর গভীর রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন নরেন্দ্র মোদি। তিনি জানান, প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুক্রবার মন্ত্রিসভায় আদালতের প্রক্রিয়া দ্রুত করার বিষয়ে আলোচনা করবেন।
শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভকারী ও নাগরিক সমাজের চাপ বাড়তে থাকায় বিষয়টিতে নরেন্দ্র মোদি হস্তক্ষেপ করতে শুরু করেছেন। আন্দোলনের সমর্থনে অনশন করা সমাজকর্মী সোনম ওয়াংচুকও বৃহস্পতিবার রাতে মন্ত্রীদের উপস্থিতিতে অনশন ভেঙেছেন। পরে ভিডিও বার্তায় তিনি জানান, সরকার তাঁকে আশ্বাস দিয়েছে যে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
সোনম ওয়াংচুক আরও জানান, আশ্বাস অনুযায়ী শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি বাড়াতে সরকার সংসদে পূর্ণাঙ্গ আলোচনা করবে।

