সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা: প্রধানমন্ত্রীর নির্দেশনা
পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা ও এর বাস্তবায়ন কৌশল নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রান্তডেস্ক:সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং এটি কীভাবে সারাদেশে ছড়িয়ে দেওয়া যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে এই কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় সাধনের নির্দেশ দেন।
উপকারভোগীদের কাছে কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তুলতে হবে।
তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। এছাড়াও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।


