ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু

ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন। শুক্রবার হরিয়ানার জিন্দ শহরে। ছবি: এএফপি
এএফপি::রেল পরিবহন খাতকে কার্বনমুক্ত করা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে ভারতে প্রথমবারের মতো চালু হলো হাইড্রোজেনচালিত ট্রেন। এর মধ্য দিয়ে প্রযুক্তিটির পরীক্ষা ও ব্যবহারের তালিকায় থাকা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের দলে যুক্ত হলো নয়াদিল্লি।
উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের জিন্দ ও সোনিপাতের মধ্যে ৮৯ কিলোমিটার দীর্ঘ রুটে ১০ কোচের ট্রেনটি চলাচল করবে। এর চালিকাশক্তি হিসেবে ব্যবহার হচ্ছে ১ হাজার ২০০ কিলোওয়াটের হাইড্রোজেন ফুয়েল সেল প্রোপালশন সিস্টেম। রেল কর্মকর্তাদের মতে, এই ফুয়েল সেল সিস্টেমটি ট্রেনের চালিকাশক্তি।
শুক্রবার ট্রেনটির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, স্বনির্ভর ভারত ও টেকসই উন্নয়নের অভিমুখে যাত্রার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।
এই ট্রেনের পাশাপাশি জিন্দেতে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্রেরও উদ্বোধন করা হয়েছে। রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্পটির পেছনে আনুমানিক ১ কোটি ২০ লাখ ডলার খরচ হয়েছে। প্রচলিত ট্রেন সার্ভিসের তুলনায় এই প্রযুক্তির পরিচালনা ব্যয় অনেকটাই বেশি।

