‘কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি’—মোদির মুখে শ্যামাপ্রসাদের উক্তি

প্রান্তডেস্ক:‘কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি’—ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই ঐতিহাসিক বক্তব্য এবার উঠে এল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এই ঐতিহাসিক বক্তব্যের অংশ উদ্ধৃত করেন।
কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দেশের মাটি ও বাংলার এই কৃতী সন্তানকে আজ গোটা দেশ স্মরণ করছে। তাঁর ইচ্ছাশক্তি, স্পষ্ট উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প আজও দেশকে পথ দেখাচ্ছে।
মোদি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক বৈচিত্র্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। কংগ্রেসের প্রবল রাজনৈতিক প্রভাবের মধ্যেও ভিন্ন মতাদর্শকে প্রতিষ্ঠা করার সাহস দেখিয়েছিলেন তিনি। জনসংঘের সেই আদর্শই আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল বিজেপির মূল ভিত্তি।

