প্রান্তডেস্ক:ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও তীব্র করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এরই অংশ হিসেবে আইডিএফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রুসেডার আমলের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখল করেছে। রোববার (৩১ মে) এক বিবৃতিতে এমন দাবি করেছে আইডিএফ। খবরটি প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
এর অংশ হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে বেউফোর্ট রিজ এবং ওয়াদি সালুকি নদী এলাকায় স্থল অভিযান পরিচালনা করা হয়, যেখানে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস এবং তাদের যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বেউফোর্ট দুর্গ থেকে একদিকে উত্তর ইসরাইলের গ্যালিলি অঞ্চল এবং অন্যদিকে দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকা পর্যবেক্ষণ করা সম্ভব।
আইডিএফ জানায়, লিতানি নদীর উত্তরের এলাকাগুলোতেও তাদের অভিযান ও বিমান হামলা বাড়ানো হয়েছে এবং এই সামরিক কার্যক্রম ধীরে ধীরে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
ইসরাইলি সামরিক বাহিনীর অভিযোগ, বেউফোর্ট দুর্গ ও ওয়াদি সালুকি এলাকায় ইরানের সহায়তায় হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ সামরিক নেটওয়ার্ক গড়ে তুলেছিল। এখান থেকেই তারা সামরিক অভিযান পরিচালনা করত এবং ইসরাইলের ভেতরে ও দক্ষিণ লেবাননে অবস্থানরত সেনাদের লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করেছে।
আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের অন্যতম শক্তিশালী হিজবুল্লাহ ঘাঁটি নাবাতিহের আশপাশেও অভিযান চালাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী এই সামরিক অভিযান আরও সম্প্রসারণের জন্য প্রস্তুত রয়েছে।


