অবশেষে সিলেটে হচ্ছে বইমেলা
প্রান্তডেস্ক:নানা নাটকীয়তার পর অবশেষে প্রকাশক পরিষদ, সিলেট আয়োজিত বইমেলা শুরু হতে যাচ্ছে। ১০ মে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে এ মেলার উদ্বোধন হবে।
এই বইমেলা নিয়ে নিজের আপত্তি তুলে নিয়েছে পুলিশ।
গত ২৪ এপ্রিল এই বইমেলা শুরু হওয়ার কথা ছিলো। তবে ২৩ এপ্রিল সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে বইমেলার অনুমোদন বাতিল করা হয়। যদিও আগে পুলিশের কাছ থেকে অনুমোদন নিয়েই মেলার আয়োজন করেছিলেন আয়োজকরা। তবে হঠাৎ করেই আগের রাতে অনুমোদন বাতিল করে দেয় পুলিশ।
সেসময় সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপ কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বইমেলা আয়োজনের পূর্বের দেয়া অনুমোদন বাতিল করা হলো’।
প্রকাশক পরিষদ নেতারা জানান, পুলিশ প্রশাসন বইমেলা করার অনুমতি দিয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিটি করপোরেশন ও সিলেট জেলা পরিষদের সহযোগিতায় ১০ মে থেকে ১৮ মে প্রঙ্গণে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গনে বইমেলা অনুষ্ঠিত হবে।
মেলা আয়োজনের তথ্য জানিয়ে প্রকাশক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান ফেসবুকে লিখেন- ‘সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদের আমন্ত্রণ করে বলেছেন– আপনারা বইমেলাটা করেন। যা হবার হয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবো।তাদের প্রতি আশ্বস্ত হয়ে পুণরায় মেলার আয়োজন করছি আমরা। আমাদেরকে জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতারাও আস্বস্ত করছেন। আস্বস্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকও। প্রিয় পাঠক বইপ্রেমী কবি সাহিত্যিক, আপনাদের পদচারণায় বইমেলা প্রাণ পাবে এই প্রত্যাশা।’
জানা যায়, গত মাসে প্রকাশক পরিষদ এই বইমেলা আয়োজন করে পরিষদের সদস্য কয়েকটি প্রকাশনা সংস্থা নিয়ে আপত্তি জানায় একটি গোষ্টি। তারা ওই প্রকাশকদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠতার অভিযোগ এনে পুলিশ কমিশনারের কাছে মেলা বন্ধের দাবি জানায়। এরপর সিলেট মহানগর পুলিশ পুলিশ মেলার অনুমোদন বাতিল করে দেয়। তবে প্রায় ১০ দিন পর ফের অনুমোদন দেওয়া হয়।
প্রসঙ্গত, অন্তবর্তী সরকার আমলে গত বছর ৭ থেকে ১৫ ফেব্রুয়ারি প্রকাশক পরিষদ সিলেট বইমেলা আয়োজন করেছিল। তখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অজুহাত দিয়ে মেলা বাতিল করা হয়েছিল। অন্তবর্তী সরকারের পর নির্বাচিত সরকার আমলেও একইভাবে বইমেলার মতো একটি সৃজনশীল আয়োজন বাধাগ্রস্ত হওয়ায় প্রকাশক পরিষদসহ দেশে ও বিদেশে সংস্কৃতি অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন বইমেলা ঠেকাতে কথিত অভিযোগটি তদন্ত করে সত্যতা না পাওয়ায় প্রকাশক পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে বইমেলা আয়োজনের তাগাদা দেন। পরবর্তীতে প্রকাশক পরিষদ সিলেট দিনক্ষণ নির্ধারণ করে পুলিশ প্রশাসনকে অবহিত করে।

