রাজনগর উপজেলার গোলাইয়া বিলে নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫ মে, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩ বার পঠিত
প্রান্তডেস্ক:মৌলভীবাজারের রাজনগরে কাউয়াদিঘি হাওরে ধানবোঝাই নৌকা ডুবে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় কাউয়াদিঘি হাওরের উত্তর পাশের গোলাইয়া বিলে মর্মান্তিক এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন বাউরী ও মালিক পক্ষের লোক আনকার মিয়াসহ দুজনে গোলাইয়া বিল থেকে ধান কেটে নৌকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপার নামক স্থানে হঠাৎ ধানবোঝাই নৌকা ডুবে যায়।
আনকার মিয়া সাঁতার কেটে অল্পের জন্য বেঁচে গেলেও চা শ্রমিক রঞ্জন পানিতে পড়ে যায়। স্থানীয়রা পানিতে নেমে তাকে উদ্ধার করে রাজনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চা শ্রমিক রঞ্জন বাউরী (৪০) চাতলাপুর চা বাগানের ৪৪নং পাট্টার বাসিন্দা বাসুদেব বাউরীর ছেলে।


