প্রান্তডেস্ক:হরমুজ প্রণালিতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে নতুন একটি অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগের নাম দিয়েছেন ‘প্রজেক্ট ফ্রিডম’।
ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকালে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। তার দাবি, সংঘাতের বাইরে থাকা বিভিন্ন দেশের জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানে প্রায় ১৫ হাজার সেনা, শতাধিক যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম ডেস্ট্রয়ার অংশ নেবে। সেন্টকম আরও জানায়, ৪ মে থেকে তারা প্রজেক্ট ফ্রিডম বাস্তবায়নে সহায়তা শুরু করবে।
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের বরাতে জানা যায়, চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে শত শত বাণিজ্যিক জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক আটকে পড়েছে, যাদের অনেকেই খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে রয়েছেন।
অন্যদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এবং রয়টার্সের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় একাধিক জাহাজে হামলা ও বাধার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে উদ্বেগ তৈরি করেছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে বের করে আনাকে তিনি ‘মানবিক পদক্ষেপ’ হিসেবে দেখছেন। তার মতে, এটি শুধু যুক্তরাষ্ট্র নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং ইরানের পক্ষ থেকেও ইতিবাচক উদ্যোগ হতে পারে।
তবে তিনি সতর্ক করে বলেছেন, এই কার্যক্রমে কেউ বাধা দিলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
এদিকে মার্কিন প্রশাসনের এই পরিকল্পনা নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ন্ত্রণে এই উদ্যোগ কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে আন্তর্জাতিক সমন্বয় ও কূটনৈতিক সমর্থনের ওপর।