প্রান্তডেস্ক:অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জজেলার নবীগঞ্জ উপজেলায় প্রায় ৪০০ হেক্টর বোরো ধানের পাকা ফসল পানির নিচে তলিয়ে গেছে। তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল। পাকা ধান ঘরে তুলতে না পেরে অনেকেই হয়ে পড়েছেন দিশেহারা।
হাওর অঞ্চলে গত দু’দিনের অব্যাহত বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়ে আগাম বন্যা হয়েছে অনেক এলাকায়। এতে হাওরের পাশাপাশি উপজেলার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া অন্যান্য ছোট ছোট হাওরের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পাকা ফসল ঘরে তুলতে না পেরে কৃষকের মাথায় হাত পড়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নবীগঞ্জ উপজেলার ৪০০ হেক্টর পাকা বোরো ধান তলিয়ে গেছে। এর মধ্যে ২৭ হাজার ৩৫৫ হেক্টর হাওর এলাকায় চাষ করা হয়েছে। হাওরের প্রায় ৬৭ শতাংশ ধান কাটা
হয়েছে। বাকি ধান হাওর বাদে বিভিন্ন এলাকার চাষ করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি বলেন, ‘গত দু’দিনে মুষলধারের বৃষ্টির ফলে হাওরের প্রায় ৪০০ হেক্টর বোরো ধানের পাকা ফসল পানির নীচে তলিয়ে গেছে।’


