প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ | সংবাদটি ২৮ বার পঠিত
প্রান্তডেস্ক:কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে ছিনতাইকারীরা সিএনজিতে তুলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলন্ত গাড়ি থেকে ফেলে দেয় বলে জানিয়েছে র্যাব।সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।তিনি জানান, বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তারা চিহ্নিত ছিনতাইকারী।
সবার নামেই মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, বুলেট বৈরাগী কুমিল্লায় বাস থেকে নামার পর ছিনতাইকারীরা জোর করে তাকে সিএনজিতে তোলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চলন্ত সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এর ফলে বুলেট বৈরাগীর মৃত্যু হয়।
পরদিন শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
বুলেট বৈরাগী ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সারসাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।
কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল সেখানে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে ঢাকাগামী বাসে রওনা হন।
পথে পরিবারের সঙ্গে বুলেটের নিয়মিত যোগাযোগ ছিল। সবশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।