ইরানি জাহাজ জব্দ ইসলামাবাদ আলোচনাকে নস্যাৎ করতে পারে: বিশ্লেষক

প্রান্তডেস্ক:অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আমিন সাইকাল বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলে একটি ইরানি কার্গো জাহাজ জব্দ করেছে। এ ঘটনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার আগে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার ঝুঁকি তৈরি করেছে।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অধ্যাপক আমিন সাইকাল।
সাইকাল বলেন, ‘এই ধরণের পদক্ষেপগুলো কেবল উত্তেজনাই বৃদ্ধি করবে।’ তিনি সতর্ক করে দেন, এই ঘটনা ‘ইসলামাবাদ আলোচনার একটি যৌক্তিক ফলাফল আসার সম্ভাবনাকে টরপেডো (নস্যাৎ) করতে পারে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘উভয় পক্ষের জন্যই এখন এমন পদক্ষেপ থেকে বিরত থাকার উপযুক্ত সময় যা উত্তেজনা ছড়াতে পারে-বিশেষ করে যদি তারা সত্যিই একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক হয়।’
ট্রাম্পের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সাইকাল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ‘একই সাথে দু’টি বিপরীতমুখী আচরণ ব্যবহারের চেষ্টা করছেন। একদিকে তিনি বলছেন, তিনি সংকটের সমাধান চান, অন্যদিকে ইরানের বিরুদ্ধে ক্রমাগত হুমকি দিচ্ছেন। এটি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।’
যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকা অবস্থায় সাইকাল মন্তব্য করেন, উভয় পক্ষই বর্তমানে ‘প্রবল চাপের’ মধ্যে রয়েছে। তবে তিনি লক্ষ্য করেছেন, ‘হরমুজ প্রণালী এখন ইরানের জন্য একটি নতুন প্রতিরোধক হিসেবে আবির্ভূত হয়েছে।’
উল্লেখ্য-রবিবার (১৯ এপ্রিল) ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের জাহাজটি মার্কিন নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা আমলে না নেওয়ায় গুলি করে জাহাজটি জব্দ করা হয়। এই ঘটনায় ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সূত্র : আল-জাজিরা।

