সেন্সরে কবরীর শেষ সিনেমা,মুক্তির পরিকল্পনা কতদূর
কোলাজ: সমকাল
কবরীর নির্মাণ যাত্রায় ‘এই তুমি সেই তুমি’ই প্রথম নয়। ২০০৪ সালে কবরী পরিচালনায় নাম লেখান। নির্মাণ করেছিলেন ‘আয়না’ নামের সিনেমা। ২০০৬ সালে সিনেমাটি মুক্তি পায়। ‘এই তুমি সেই তুমি’ ছিল তাঁর দ্বিতীয় নির্মাণ। ‘আয়না’ সিনেমা মুক্তির পর এক যুগের বিরতি পেরিয়ে সরকারি অনুদান নিয়ে আবারও নির্মাণে ফেরেন তিনি।
সিনেমাটির জন্য করোনার ভয়কে উপেক্ষা করে শুটিংয়ে অংশ নিয়েছিলেন কবরী। ছিল যথাসময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার তাড়া। শুটিংও প্রায় শেষ করে এনেছিলেন। সব মিলিয়ে আর মাত্র দুদিন দৃশ্য ধারণ করলেই শেষ হয়ে যেত পুরো সিনেমার শুটিং। তাঁর আকস্মিক মৃত্যু থামিয়ে দিয়ে যায় সবকিছু।
তিনি বলেন, ‘আম্মু মারা যাওয়ার পর নানা জটিলতায় একটু সময় নিয়ে কাজ শেষ করছি। দেশের বাইরে কয়েকটি আন্তর্জাতিক উৎসবে সিনেমাটি জমা দিয়েছি। ওই উৎসবগুলোতে প্রদর্শনী হলে দেশে সিনেমাটি মুক্তি পাবে। তবে দেশে কবে মুক্তি দিতে পারব, সময়টা উল্লেখ এখনই করতে পারছি না। এটি সম্পূর্ণ নির্ভর করে বিদেশে সিনেমার প্রদর্শনীর ওপর।’
এরপর কয়েক বছর কেটে গেলেও ‘এই তুমি সেই তুমি’র কোনো আপডেট পাওয়া যায়নি। গতকাল শাকের চিশতীর সঙ্গে সিনেমাটি নিয়ে যোগাযোগ করা হলে তিনি সমকালকে বলেন ‘সিনেমার আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনীর প্রক্রিয়া এখনও চলছে। সাবটাইটেল যুক্ত করছি। পাশাপাশি দেশেও মুক্তির কথা ভাবছি। ইতোমধ্যে সেন্সরে সিনেমাটি জমা দিয়েছি। আমরা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। সেন্সর পেলেই দেশে মুক্তি পাবে সিনেমাটি।’
‘এই তুমি সেই তুমি’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছিলেন কবরী নিজেই। এ সিনেমায় একসঙ্গে দুটি সময়কে তুলে ধরা হয়েছে। এ দুটি সময়ের মধ্যে একটি বর্তমান, আরেকটি মুক্তিযুদ্ধের সোনালি সময়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া ও রায়হান রিয়াদ।(সৌজন্য:দৈনিক সমকাল)

