ময়মনসিংহে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আসামিরা
প্রান্তডেস্ক:ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় দেন। রায়ে হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০/২৫ জন দা, ফালা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের স্বত্ত্ব দখলীয় জমিতে প্রবেশ করে ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ তাদের বাড়ীর লোকজন বাঁধা দিতে আসলে ওই আসামিরা ধাড়ালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতারি আঘাত করে নূরুন্নাহার, তার নানী সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে মারাত্মক জখম করে। এ সময় নূরুন্নাহারের বাড়ি-ঘর কুপিয়ে ব্যাপক ক্ষতি করে এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে বাড়ির লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্ঠা মামলা দায়ের করে। মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। অন্য ২০ আসামির বিরুদ্ধে সাক্ষী প্রমাণ না থাকায় তাদের বেকসুর খালাস প্রদান করেন।

