আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন ইরানের স্পিকার
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে হাত মেলান ইরানের স্পিকার বাগের গালিবাফ। ছবি: এএফপি
এএফপি:ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, ‘ইসলামাবাদের আলোচনার সময় ওয়াশিংটন তেহরানের আস্থা অর্জন করতে পারেনি।’ প্রায় ২১ ঘণ্টা ধরে চলা ওই আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধি দলে ছিলেন।
রোববার ইসলামাবাদ থেকে চলে গেছেন ইরানের প্রতিনিধিরা। পরে এক্সে দেওয়া পোস্টে গালিবাফ লিখেছেন, ‘আমাদের ইরানি সহকর্মীরা গঠনমূলক উদ্যোগ তুলে ধরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অপরপক্ষ আমাদের আস্থা অর্জন করতে পারেনি।’
সংলাপের এই ব্যর্থতা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, পুনরায় যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হবে। সেই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে নৌ-চলাচল এবং তেল-গ্যাস স্থাপনাগুলো আরও ক্ষতির মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখতে সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে। সেই সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ওয়াশিংটন ও তেহরান উভয়পক্ষকে আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

