সাজা ঘোষণা শোনার পর আসামিরা বললেন ‘জয় বাংলা’
প্রান্তডেস্ক:জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের এজলাস থেকে বেরিয়ে আসেন গ্রেপ্তার ৬ আসামি। এ সময় মৃত্যু দণ্ডপ্রাপ্ত দুই আসামির পেছনে থাকা কয়েকজন আসামি ‘জয় বাংলা’ বলে শ্লোগান দিতে থাকেন। এসময় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে হট্টগোলের সৃষ্টি হয়। তবে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ৩০ আসামির রায় ঘোষণা করেন। পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।
এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, ‘আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।’
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক দুই পুলিশকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের তিন কর্মকর্তাকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে অন্য আসামিদের।
বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

