অসহায়ত্বের চরম পরিণতি দেনার দায়ে শেষ সম্বলটুকু হারানোর পর তিন সন্তান রেখে উধাও মা
প্রান্তডেস্ক:অভাব-অনটনের তাড়নায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদে নিজের তিন শিশু সন্তানকে রেখে চলে গেছেন মুক্তা বেগম (২৭) নামে এক নারী।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু।
আরও জানা যায়, মুক্তা বেগমের আয়ের একমাত্র ভরসা ছিল একটি সেলাই মেশিন। কিন্তু মাত্র এক হাজার টাকার দেনার কারণে স্থানীয় গ্রাম পুলিশ নজরুল ইসলাম সেটিও নিয়ে যান। এতে তিনি আরও অসহায় হয়ে পড়েন।
ইউপি সদস্য সাহিদা আক্তার পারুল বলেন, ‘পারিবারিক কলহ ও শ্বশুরবাড়ির নির্যাতনের কারণে মুক্তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল।’
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, ‘মুক্তার স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকেন। তার আয়ের একমাত্র সম্বল সেলাই মেশিনটিও নিয়ে নেওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।’
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


