মঙ্গলবার ঢাকায় আসছেন পল কাপুর
প্রকাশিত হয়েছে : ১ মার্চ, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৪ বার পঠিত
তিন দিনের সফরে আগামী মঙ্গলবার ঢাকা আসছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিএনপি সরকার গঠনের পর এটিই হবে যুক্তরাষ্ট্র থেকে কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার প্রথম ঢাকা সফর।বিএনপি সরকারে আসার পর গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বৈঠক হয়। সেই বৈঠকেই পল কাপুরের ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত ঢাকা সফর করবেন পল কাপুর। ট্রাম্প প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে তার এ সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরো সুসংহত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
দক্ষ এ কূটনীতিকের ঢাকা সফর মূলত বাংলাদেশে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারিত্বের বিষয়ে আলোকপাত করবে।

