রাখির আগে ভ্রাতৃহারা অভিনেত্রী হুমা কুরেশি, প্রকাশ্যে কুপিয়ে খুন!
প্রকাশিত হয়েছে : ৯ আগস্ট, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৭ বার পঠিত

আসিফের স্ত্রী সাইনাজ কুরেশী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত এর আগেও পার্কিং নিয়ে ঝামেলা করেছে। বৃহস্পতিবার আসিফ কাজ থেকে বাড়ি ফিরে দেখেন যে সদর দরজার সামনেই বাইক রাখা। বাইক সরাতে বললে প্রতিবেশীর সঙ্গে বচসা লেগে যায়। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে দেখা গেছে ,ওই দুই অভিযুক্ত হুমার ভাইয়ের কলার ধরে বচসা জুড়েছে। আসিফ তাদের বলেন বাইক গুলো তাদের বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে নিতে। এরপরই বাকবিতণ্ডা তুঙ্গে পৌঁছায়। ভিডিওতে দেখা যায়, আসিফকে মাটিতে ফেলে বেধড়ক মার শুরু করে ওই দুই প্রতিবেশী যুবক। শুধু তাই নয়, পকেট থেকে স্ক্রু ড্রাইভার গোছের ধারাল অস্ত্র বের করে আসিফের শরীরে এলোপাথারি কোপ বসানো শুরু করে তারা।
প্রসঙ্গত, অভিনেত্রীর ভাই আসিফ কুরেশি দিল্লির জংপুরার নিজামুদ্দিন এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এদিকে অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। তড়িঘড়ি ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতেরা বছর উনিশের উজ্জ্বল এবং আঠারো বছর বয়সী গৌতম। এই ঘটনায় শোকস্তব্ধ নিহতের স্ত্রী। তিনি বলে, ‘পার্কিং নিয়ে বচসা চলছিল। তবে আচমকা যে এত বড় কাণ্ড ঘটে যাবে, তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি।’
সূত্র : ইন্ডিয়া টুডে

