বাড়ি ফিরেছেন প্রসূনের বাবা

প্রান্তডেস্ক:নিখোঁজের একদিন পর বাসায় ফিরেছেন অভিনেত্রী প্রসূন আজাদের বাবা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। শনিবার রাতে ঢাকার মালিবাগে নিজ বাসায় তিনি ‘সুস্থ অবস্থায়’ ফিরে আসেন।
তবে তিনি কেন নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। পরিবারের সদস্যদের সঙ্গেও খুব একটা কথা বলছেন না বলে জানিয়েছেন প্রসূন।
এর আগে শুক্রবার থেকে আজাদ হোসেন নিখোঁজ ছিলেন বলে জানান প্রসূন। তিনি বলেন, ‘আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। আপনারা সহযোগিতা করুন। ফেইসবুকে বা বিভিন্ন গ্রুপে আমার বাবার ছবিটা দিয়ে কেউ দেখেছেন কি না—এই খোঁজটা নিয়ে দেন। আমরা শাহজাহানপুর থানায় জিডি করেছি, কী হবে বুঝতে পারছি না।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সংবাদমাধ্যমে তাঁর নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে। শনিবার রাতে বাবার ফেরার খবর জানিয়ে ফের একটি ফেইসবুক পোস্ট দেন প্রসূন।
তিনি বলেন, ‘আমার আব্বুর পুরো জীবনই কেটেছে বাংলাদেশ পুলিশে। দীর্ঘ সময় পেশাগত জীবনে খুব ব্যস্ত ছিলেন, সবসময় মানুষের মধ্যে থাকতেন। কিন্তু রিটায়ার্ডমেন্টের পর সেই কোলাহলটা আর নেই। একটা পরিবর্তন এসেছে, যোগাযোগ কমে গেছে, হয়তো চাপা কষ্ট জমেছিল। মন চেয়েছে গায়েব হয়ে যাই—তাই হয়তো চলে গিয়েছিলেন।’
প্রসূনের ভাষ্য অনুযায়ী, বাড়ি ফিরে এত মানুষ দেখে কিছুটা অবাক এবং বিরক্ত হন আজাদ হোসেন। তিনি বলেন, ‘আমি কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। উনাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। উনি বললেন, “আমি গোসল করব।” আমরা আর উনাকে কিছু বলিনি। চারপাশের এত মানুষ দেখে উনি হয়তো চিন্তা করেছেন, এমনিতে আমার খবর নেয় না কেউ। আমি একদিনের জন্য বের হলাম আর সবাই মিলে এমন তুলকালাম কাণ্ড করে ফেলল।’
আজাদ হোসেন ফিরে আসায় পরিবারে স্বস্তি ফিরেছে বলে জানান প্রসূন। তিনি বলেন, ‘গ্রামের আত্মীয়স্বজন, বাবার বন্ধুরা এসেছেন, সবাই খুশি হয়েছেন বাবা ফিরে আসায়।’
প্রসঙ্গত, প্রসূন আজাদের মা ও বাবা দুজনই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। লাক্স তারকাখ্যাত এই অভিনেত্রী কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন। ২০২১ সালের ৩০ জুলাই দীর্ঘদিনের বন্ধু ফারহানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান।
প্রসূন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘মৃত্যুপুরী’ এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মাপুরাণ’। এছাড়া তিনি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন।

