সার্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
এ বিষয়ে তিনি বলেন, আমরা বাড়তি কিছু চাচ্ছিনা, যেটা আছে সেটা বহাল রাখার দাবি জানাচ্ছি। শিক্ষকরা যেটা পাচ্ছে, সেটা থেকে বঞ্চিত করার সুযোগ নেই। বর্তমানে ৯৫ শতাংশের বেশি শিক্ষক আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন। তাই দেশব্যাপী শিক্ষকরা আন্দোলনে নেমেছে।
সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসি কুমার দাস বলেন, সর্বজনীন পেনশন স্কিম বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষার জন্য ভয়াবহ একটি প্রকল্প। উচ্চশিক্ষাকে টার্গেট করে নানা ধরনের স্কিম নেওয়া হচ্ছে, এটা কার্যকর হলে দেশের শিক্ষার উপর ভয়ানক প্রভাব ফেলবে। তাই এ প্রকল্প বাতিল করার আহ্বান জানান তিনি।
অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমেদ বলেন, আমরা নতুন দাবি নিয়ে রাস্তায় দাঁড়ায়নি, শিক্ষক হিসেবে আমরা যে সুবিধা পেয়ে আসছিলাম আমাদের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে দাঁড়িয়েছি। দেশব্যাপী শিক্ষকরা আন্দোলন করছে, তবে কেউ কর্ণপাত করছে না।
পরিশেষে পরবর্তী কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

