রাসেল ভাইপারের কামড়ে প্রাণ গেলো রাবি শিক্ষার্থীর
প্রান্তডেস্ক:বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাকিনুর রহমান সাব্বির নামে এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।
জানা যায়, রোববার (৫ মে) সন্ধ্যায় পদ্মা নদীর তীরে তিনি সাপের কামড়ে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার (৬ মে) তিনি মারা যান।
মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক দুঃখ প্রকাশ করে জানান, সাব্বির অতি দরিদ্র পরিবারের একজন সন্তান। তার পরিবার অন্যের জমিতে বসবাস করে। সাব্বিরকে জিজ্ঞাসা করলে একাধিকবার জানা যায়, সে দারিদ্রতার কারণে চারঘাট উপজেলা থেকে এসে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতো। সে সেখানে পদ্মার পাড়ে টিউশন করাতো। সেখানেই রোববার (পদ্মার পাড়ে) তাকে বিষধর রাসেল’স ভাইপার সাপ কামড় দিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

