হবিগঞ্জে ব্যবসায়ী হারুন হত্যা ৭ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন
প্রান্তডেস্ক:হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামের ব্যবসায়ী হারুন আহমদ হত্যা মামলার ৭ জনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ২১ বছর পর গতকাল (৩০এপ্রিল,মঙ্গলবার) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুল হক এ রায় প্রদান করেন। একইসাথে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৪ই ফেব্রুয়ারি পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষের লোকজন হারুন আহমদকে কুপিয়ে হত্যা করে। এব্যপারে নিহত হারুন আহমদের ভাই সুমন আহমদ বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে সকল আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক আসামীদের উপস্থিতিতে গতকাল(৩০এপ্রিল,মঙ্গলবার) এ রায় প্রদান করেন। মামলা চলাকালে ৪৭ আসামির মধ্যে ৮ জন মারা যান। ১৮ জনকে খালাস দেয়া হয়। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- জালাল মিয়া, মিলন আহমদ, কাজল মিয়া, কুতুব উদ্দিন, রফিক মিয়া, জাকির হোসেন, আব্বাস উদ্দিন। এছাড়া বাকি ১০ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।রাষ্ট্র পক্ষের আইনজীবী এড. সালেহ উদ্দিন আহমেদ জানান, বিজ্ঞ বিচারক যে রায় প্রদান করেছেন তা সন্তোষজনক। আসামিদের দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।

