বানিয়াচং থানাহাজতে তরুণের মৃত্যুর ঘটনায় এসআই প্রত্যাহার
প্রান্তডেস্ক:হবিগঞ্জের বানিয়াচংয়ে থানায় পুলিশ হেফাজতে রাব্বানী নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার চারদিন পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন।এসপি জানান, তাকে পুলিশ লাইনের সংযুক্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দায়িত্ব অবহেলা বা দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে পরিবারের দাবি, পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, সে নিজে নিজে আত্মহত্যা করেছে। তাকে একটি চুরির মামলায় আটক করা হয়েছিল। এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ইতিমধ্যে তদন্ত টিম রাব্বানীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছে।উল্লেখ্য, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম থেকে উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম গ্রেফতার করে নিয়ে আসেন। রাতে সে হাজতের ফ্যানের সঙ্গে বেল্ট ও গেঞ্জি দিয়ে গলায় বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।

