চবিতে চতুর্মুখী সংঘর্ষের পর দুই হলে তল্লাশি, আটক ৫
প্রান্তডেস্ক:চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের (চবি) ছাত্রলীগের চারটি পক্ষের দুইটি পৃথক সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ। তল্লাশি চালানো হল দুটি হলো শাহ আমানত ও শাহ জালাল আবাসিক হল। এতে পাঁচজন বহিরাগত ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার রাতে দুই দফা সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন। এছাড়াও শুক্রবার সন্ধ্যা সাতটায় বিজয় গ্রুপ ও চবি ছাত্রলীগের সভাপতির অনুসারীরা সংঘর্ষে জড়ায়। এসব ঘটনার প্রেক্ষিতে শুক্রবার রাত ১০টায় দুটি হলে তল্লাশি শুরু হয়। চলে সাড়ে ১১টা পর্যন্ত। তল্লাশি চলাকালে শাহ আমানত হল থেকে পাঁচ বহিরাগত ব্যক্তি ও শাহজালাল হল থেকে একটি রামদা, কয়েকটি লাঠি, লোহার রড ও স্টাম্প উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূরুল আজিম সিকদার বলেন, আটক পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের হাটহাজারী থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

