রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
প্রান্তডেস্ক:রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে দোকান কর্মচারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রোবটিকস এন্ড ম্যাকানিজম ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজুর রহমান আলিফ (২২), ইতিহাস বিভাগের আজিম মাহমুদ তৌহিদ (২১), রসায়ন বিভাগের বায়োজিদ বোস্তামী (২২) ও মো. নাসিব আলতাফ (১৯), গণিত বিভাগের মো. মাজহারুল ইসলাম (১৮), মৃত্তিকা বিজ্ঞানের সিফাতুল ইসলাম (২১), মাহিন (২১) এবং জুনায়েদ (২১)।
আহত শিক্ষার্থীরা জানান, ‘দোকান কর্মচারীর সঙ্গে বসা নিয়ে তাদের এক বন্ধুর কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কর্মচারী ঢাবির নারী শিক্ষার্থীকে বাজে মন্তব্য করেন। পরে ওই দুই শিক্ষার্থী তাদের সহপাঠীদের খবর দিলে তারা সবাই মিলে সেখানে যান। এক পর্যায়ে সব দোকান কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ওপর আক্রমণ করে। লাঠিসোঁটা, রড, বাঁশ দিয়ে তাদের মারধর করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ‘আটজনের মধ্যে আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। এছাড়া বাকি সাতজনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ধানমন্ডি থানা পুলিশ তদন্ত করছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা এক পক্ষের (ঢাবি শিক্ষার্থী) কাছ থেকে তাদের কথা শুনেছি। এর আগে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি এবং হাসপাতালে রাত একটা পর্যন্ত ছিলাম। ধানমন্ডিতে যেহেতু ঘটনা ঘটেছে। সেহেতু প্রতিপক্ষদের সঙ্গে বসার চেষ্টা করেছি। বসার পর আলোচনার মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। সেটার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারব।

