শাবিতে ভর্তি ফি বাড়ানো’র প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট
প্রান্তডেস্ক:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিষ্টারে ভর্তি ফি ব্যাপক হারে বাড়ানো হচ্ছে। এবার ২০২২-২৩ শিক্ষাবর্ষেও ২ হাজার ২৫০টাকা বাড়ানো হয়েছে। এতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য উচ্চশিক্ষগ্রহণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। বিষয়টি উল্লেখ করে কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্যরা। আজ (৮ আগস্ট,মঙ্গলবার) সকালে ছাত্রসংগঠনটির শাবি শাখার আহ্বায়ক তানভীর রহমান ও সাধারণ সম্পাদক সামিউল এহসান গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, গত বছর স্নাতক প্রথম সেমিস্টারে প্রাথমিক ও চূড়ান্ত এই দুই ধাপে মোট ভর্তি ফি ছিল ১৫ হাজার টাকা। এবার ভর্তিতে ২ হাজার ২৫০ টাকা বাড়নো হয়েছে। ভর্তি প্রক্রিয়া খরচের খাতে এ টাকা বাড়ানো হয়েছে বলে জানা যায়। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। এতে একজন ভর্তিচ্ছুকে প্রাথমিক ও চূড়ান্তসহ পুরো ভর্তি প্রক্রিয়ায় ১৭ হাজার ২৫০ টাকা দিতে হচ্ছে।
ছাত্রসংগঠনটির নেতারা বলেন, ‘দ্রব্যমূল্যে এই উর্ধ্বগতির সময়ে এবং অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে দফায় দফায় ভর্তি ফি বাড়ানোয় একজন নিম্ন আয়ের পরিবারের সন্তানের বিশ্ববিদ্যালয় ভর্তির পথ বন্ধ হয়ে যাচ্ছে।’ তাই অবিলম্বে নতুন করে বাড়ানো ভর্তি ফি প্রত্যাহার এবং নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম দ্রুত সময়ে শুরু করার দাবি জানানো হয় ওই বিবৃতিতে।

